কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কোতোয়ালি মডেল থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রোববার দুপুরে শাসনগাছা এলাকার বাসা থেকে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে যান। থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ শেষে তিনি বাসায় ফিরে গেছেন।
জেলা পুলিশের একটি সূত্র জানায়, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে আটক করা হয়েছিল এবং পরবর্তীতে একই পর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে আটকের কারণ জানায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগে রেজাউল কাইয়ুম আলোচনায় আসেন এবং এ বিষয়ে একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট সরকারের কাছে পৌঁছায়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।