ভারতে তরুণদের বেকারত্ব ও রাজনৈতিক হতাশা থেকে জন্ম নিয়েছে ব্যঙ্গাত্মক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের ‘তেলাপোকা’ বলে মন্তব্য করার পর যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রাপ্ত অভিজিৎ দীপকে ১৬ মে এক্সে প্রশ্ন তোলেন, ‘যদি সব তেলাপোকা একসঙ্গে হয়?’ পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং তিনি বন্ধুদের সহায়তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মাত্র দুই ঘণ্টায় সিজেপির ওয়েবসাইট তৈরি করেন। দলটি দাবি করেছে, তাদের নিবন্ধিত সদস্য সংখ্যা ইতোমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, এই জনপ্রিয়তা ভারতের তরুণ সমাজের গভীর হতাশার প্রতিফলন। ২০২৫ সালের শ্রম জরিপে দেখা গেছে, ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের বেকারত্বের হার প্রায় ১০ শতাংশ। সরকারি চাকরির জন্য প্রতিযোগিতা ভয়াবহ, আর সাম্প্রতিক মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল হওয়ায় প্রায় ২০ লাখ শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দিতে হবে, যা ক্ষোভ আরও বাড়িয়েছে।
জাতীয় নিরাপত্তার অজুহাতে কর্তৃপক্ষ সিজেপির এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেয়, তবে অভিজিৎ নতুন অ্যাকাউন্ট খুলে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান। দলটির প্রথম উদ্যোগ হিসেবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে অনলাইন পিটিশন চালু করা হয়েছে।