লক্ষ্মীপুরের রামগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বহু ঘর ফাঁকা, তালাবদ্ধ বা ভাড়া দেওয়া থাকায় সেগুলো মাদকসেবী, জুয়াড়ি ও বহিরাগতদের আড্ডাস্থলে পরিণত হওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে বাসিন্দা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। সন্ধ্যার পর ফাঁকা ঘর ও বারান্দায় তাদের আনাগোনা বাড়ে বলে অভিযোগ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় জানায়, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে রামগঞ্জের ১০ স্থানে ৩১৫টি ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘরে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয় এবং দুই শতক জমিসহ ঘর বরাদ্দ দেওয়া হয়। শ্রীরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ৯৪টি ঘরের প্রকল্পে বর্তমানে ৪৩ জন বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি থাকছেন বলে স্থানীয়দের দাবি। লামচর দিঘীর পাড়ের ৩৭টি ঘরের মধ্যে ১৫টিতে বরাদ্দপ্রাপ্তরা, ১৭টিতে অন্যরা এবং পাঁচটি খালি রয়েছে বলে বাসিন্দারা জানান।
স্থানীয়রা প্রতিটি ঘর পুনরায় যাচাই, বরাদ্দপ্রাপ্তদের বসবাস নিশ্চিত এবং অনুপস্থিতদের বরাদ্দ বাতিলের দাবি করেছেন। রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মাদকবিরোধী অভিযান চলছে এবং প্রয়োজনে অন্য প্রকল্পেও অভিযান হবে। ইউএনও কাজী আতিকুর রহমান বলেন, যাচাই শেষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া ও প্রকৃত উপযুক্তদের বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।