সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর প্রবেশমুখে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের সঙ্গে একাধিক যানবাহনের সংঘর্ষ ও পরবর্তী আগুনে অন্তত ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, স্থানীয় সময় বুধবার মধ্যরাতের ঠিক আগে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে তা আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রাকটি প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। পরে সেটি উল্টে গিয়ে সামনে ধীরগতির সড়কে থেমে থাকা যানবাহনগুলোতে আঘাত করে। দুর্ঘটনায় মোট ২৩টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে পাঁচটি ট্রাক। নিহতদের মধ্যে আমিরাত ও ভারতের নাগরিক রয়েছেন এবং কয়েকজন বিদেশি নাগরিকও হতাহত হয়েছেন।
ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, আহত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়; তাদের প্রায় অর্ধেক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন এবং বাকিরা চিকিৎসাধীন। আহতরা আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিশরের নাগরিক। নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা চলছে। ভারতের কনস্যুলেট পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে সহায়তার কথা জানিয়েছে।