ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে কেশম শহরের কাছের একটি এলাকায় যুক্তরাষ্ট্রের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা ৫০ মিনিটে, অর্থাৎ জিএমটি ১৫টা ২০ মিনিটে, ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। হামলায় হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি এবং লক্ষ্যবস্তু কী ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। পারস্য উপসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপে নতুন করে মার্কিন সামরিক হামলার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছিল, মার্কিন বাহিনী দ্বীপটির কয়েকটি স্থানে হামলা চালিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। জবাবে ইরান ইসরাইল এবং আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। জুনে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই ও আলোচনা শুরু হলেও, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে মতবিরোধে তা স্থবির হয়। কূটনৈতিক প্রচেষ্টা চললেও জুলাই থেকে বিভিন্ন সময়ে সংঘাত আবার ছড়িয়েছে।