যুক্তরাষ্ট্র ইউরোপে ন্যাটো অভিযানে ব্যবহৃত বিমান ও নৌ সরঞ্জামের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা করছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দুই জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, এই সিদ্ধান্তটি চলতি মাসের শুরুতে একটি লিখিত নথির মাধ্যমে মিত্রদের জানানো হয়েছে। প্রতিবেদনে একে ইউরোপের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ন্যাটো মিশনে বরাদ্দ করা এফ-১৬ ও এফ-১৫ই যুদ্ধবিমান প্রায় ১৫০ থেকে কমিয়ে ১০০ করা হবে, সামুদ্রিক টহল বিমান ২৬ থেকে ১৫-এ নামানো হবে এবং ইউরোপে বরাদ্দ করা আটটি আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান প্রত্যাহার করা হবে। এছাড়া একটি বিমানবাহী রণতরী, একটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, কয়েকটি যুদ্ধজাহাজ ও কৌশলগত বোমারু বিমানের পুনর্বণ্টনও পরিকল্পনায় রয়েছে।
কর্মকর্তারা সতর্ক করেছেন, এই পরিবর্তন জোটের দূরপাল্লার হামলা ও আকাশপথে নজরদারির সক্ষমতাকে দুর্বল করতে পারে।