বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মালয়েশিয়াসহ সব শ্রমবাজারের সিন্ডিকেট বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জামায়াত আয়োজিত ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার: বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে হবে, তবে অসৎ ব্যবসায়ী বা প্রতিষ্ঠান যেন সুবিধা না পায়। ২৫টি মাস্টার এজেন্সি নির্বাচনের মানদণ্ডও সরকারকে স্পষ্ট করার দাবি জানান তিনি।
শফিকুর রহমান বলেন, সাধারণ শ্রমিকদের ওপর জুলুম ও শোষণ চলতে দেওয়া যাবে না এবং সিন্ডিকেটে নিজের ভাই থাকলেও তাকে বের করে দিতে হবে। তিনি জানান, শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত করার দাবিটি জামায়াতের চলমান সাত দফার সঙ্গে যুক্ত করে আট দফা করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট বাদ দেওয়ার কথাও তিনি প্রত্যাখ্যান করেন এবং এটিকে তাদের প্রতি অবিচার বলে উল্লেখ করেন।
মূল প্রবন্ধে ব্যারিস্টার শাহরিয়ার কবির অতীত ও প্রস্তাবিত এজেন্সি ব্যবস্থাকে ঘিরে সিন্ডিকেট, আর্থিক অনিয়ম এবং অভিবাসন ব্যয় বৃদ্ধির অভিযোগ তোলেন। তিনি ২৫টি এজেন্সির তালিকা, লাইসেন্স ও আর্থিক লেনদেনের অভিযোগ নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজন হলে লাইসেন্স বাতিলের দাবি জানান।