জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার মধ্যপ্রাচ্যজুড়ে চলমান বেআইনি হামলার তীব্র নিন্দা জানিয়ে সতর্ক করেছেন যে, সংঘাত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালায়, যার জবাবে ইরান ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায়। ওয়াশিংটন জানিয়েছে, তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি ঠেকাতেই এই অভিযান পরিচালিত হয়েছে।
গুতেরেস বলেন, এসব হামলা সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করছে এবং বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। তিনি লড়াই বন্ধ করে গুরুত্বের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করার আহ্বান জানান।
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান টম ফ্লেচার জানান, এই যুদ্ধে প্রতিদিন প্রায় ১০০ কোটি ডলার ব্যয় হচ্ছে, অথচ রাজনীতিবিদেরা সহায়তা তহবিল কমাচ্ছেন। তিনি সতর্ক করেন, সংঘাতের কারণে বাজার ও সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে, খাদ্যদ্রব্যের দাম বাড়ছে এবং সবচেয়ে অসহায় মানুষগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।