ফেনীতে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ ঘণ্টাব্যাপী বৃষ্টিপাত। গত ২৪ ঘণ্টায় মোট ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, এতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ দেখা দিয়েছে।
টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমী এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলা এলাকায় নিচু সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন জানান, ড্রেন ও খাল দিয়ে পানি ধীরগতিতে নামায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং তা নিরসনে পৌরসভার ১২টি টিম কাজ করছে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত এবং আগামী দুই থেকে তিন দিন বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।