তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সোমবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধন আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনায় উভয় দেশ প্রতিরক্ষা সহযোগিতা গভীর করা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির অভিন্ন ইচ্ছা প্রকাশ করে। এই সাক্ষাৎকে দুই দেশের প্রতিরক্ষা ও সংশ্লিষ্ট খাতে সহযোগিতা সম্প্রসারণের চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
আইএসপিআর জানায়, উভয় পক্ষ বিদ্যমান সামরিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং ভবিষ্যতে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের দিকে অগ্রসর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।