লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে শনিবার দুপুরে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের সময় তিন বছরের চুক্তিভিত্তিক দায়িত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি হিসেবে এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশের দাবি, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে এবং তিনি ভারত থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করেন।
স্থানীয়দের সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে এবং পরে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।