ঈদ সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের প্রধান পথ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঘরমুখী যাত্রীরা দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। শিবচরের পাঁচ্চর গোলচত্বরে ভাড়ার তালিকা টানানো হলেও প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া বাড়তি ভাড়া নিয়ন্ত্রণ কঠিন বলে মনে করছেন যাত্রীরা।
পদ্মা সেতু চালুর পর ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নত হলেও বাড়তি ভাড়ার বিড়ম্বনা রয়ে গেছে। শিবচরের যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয় সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার হস্তক্ষেপে শিবচর থেকে ঢাকার ভাড়া ২০০ টাকা থেকে কমিয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি জানিয়েছেন, সূর্যনগর ও পাঁচ্চর এলাকায় চাঁদাবাজির কারণে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হতো, যা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, ঈদে যাত্রীসেবা নিশ্চিতে বাড়তি টহল থাকবে এবং দুর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।