কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়টিকে ‘অমানুষদের জায়গা’ ও ‘সিনিয়র মাদরাসা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এখন আর কারও সেখানে ভর্তি হওয়া উচিত নয় এবং সেখানে শিক্ষকতা করারও প্রয়োজন নেই। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বিশ্ববিদ্যালয়টির বর্তমান পরিস্থিতির সঙ্গে এর অতীত ভূমিকার তুলনা করেন। তিনি বলেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও মুক্তির আন্দোলন গড়ে তুলেছিল। ১৯২০ ও ১৯৩০-এর দশকে এই প্রতিষ্ঠান আবুল হোসেন, কাজী মোতাহের হোসেনসহ মুসলিম সাহিত্য সমাজের লেখক ও বুদ্ধিজীবীদের জন্ম দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, নীলিমা ইব্রাহিম, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠটির বর্তমান রূপ নিয়ে দুঃখ প্রকাশ করেন। ক্যাম্পাসে গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর ছবি টাঙানোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, মুক্তচিন্তার কেন্দ্র হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়টি বদলে গেছে এবং এটিকে স্বাধীনতাবিরোধী ও অমানুষদের কারখানা হিসেবে মন্তব্য করেন।