স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের পানিবন্দি মানুষদের সহায়তায় জরুরি গণতহবিল সংগ্রহ কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা। আগামী রোববার (১২ জুলাই) টিএসসি ও কলাভবনে দুটি বুথের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। পাশাপাশি বিভিন্ন আবাসিক হল, শ্রেণিকক্ষ ও পার্শ্ববর্তী এলাকায়ও ত্রাণ সংগ্রহ চলবে, যেখানে নগদ অর্থের পাশাপাশি ত্রাণসামগ্রীও গ্রহণ করা হবে।
জানা গেছে, ঢাবির ১০৫তম ব্যাচের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত নিম্নাঞ্চলের স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ রাখছে। সংগৃহীত অর্থ দিয়ে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, পলিথিন ও জরুরি চিকিৎসাসামগ্রী কেনা হবে এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সরাসরি দুর্গত এলাকায় বিতরণ করা হবে।
কর্মসূচির সমন্বয়কারী ইফতেখার ইসলাম তানভীর জানান, অনুষদ ও বিভাগভিত্তিক টিম গঠন, হলভিত্তিক প্রচারণা ও ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অংশগ্রহণ বাড়ানো হবে। তিনি এটিকে মানবতার পাশে দাঁড়ানোর সম্মিলিত উদ্যোগ হিসেবে বর্ণনা করে সকলের সহযোগিতা কামনা করেছেন।