চীনের স্টেট কাউন্সিলের নতুন ডিক্রি ৮৩৪ ও ৮৩৫ অনুযায়ী রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত ভারতের ১২ লাখ কোটি ডলারের ইলেকট্রনিকস খাতকে ঝুঁকিতে ফেলেছে। গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও যন্ত্রাংশের রপ্তানিতে এই কড়াকড়ি ভারতের উৎপাদন সম্প্রসারণ পরিকল্পনা বিলম্বিত করতে পারে বলে শিল্প নির্বাহীরা সতর্ক করেছেন। ইতোমধ্যে চীনা সরবরাহকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং দেশীয় শিল্প খাত সম্ভাব্য সংকটের কথা তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে জানিয়েছে।
ভারত যখন বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, তখনই এই চ্যালেঞ্জ দেখা দিয়েছে। ২০১৫ সালে ভারতের ইলেকট্রনিকস রপ্তানি ছিল ৮৬০ কোটি ডলার, যা ২০২৫ সালে বেড়ে ৪ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছেছে। সরকার ২০২৬ সালের শেষে রপ্তানি ১ লাখ ২০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। তবে চীনের নিয়ন্ত্রণ ভারতের সরবরাহ নির্ভরতা স্পষ্ট করেছে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার নির্দিষ্ট অঞ্চলের ওপর নির্ভরশীলতা কমাতে খাতভিত্তিক বিনিয়োগ পরিকল্পনা নিচ্ছে এবং ৫০টি শিল্প পার্ক চালুর উদ্যোগ নিচ্ছে।
শিল্প নেতারা একে সতর্কবার্তা ও সুযোগ উভয় হিসেবেই দেখছেন। কেউ অভ্যন্তরীণ সরবরাহ নেটওয়ার্ক শক্তিশালী করার আহ্বান জানাচ্ছেন, আবার কেউ মনে করছেন এটি ভারতের স্থানীয় উৎপাদন ও প্রযুক্তি সক্ষমতা বাড়ানোর মোড় ঘোরানো মুহূর্ত।