কুমিল্লার চান্দিনা উপজেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রেতা ও সেবনকারীদেরসহ আটজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবা, গাঁজা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকদের মধ্যে সাজ্জাদ হোসেন ও শরিফুল ইসলামকে ইয়াবা সেবন ও হেফাজতে রাখার অপরাধে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. দিহানকে ১৫ দিন, লিটন ও মানিক ভান্ডারীকে এক মাস, এবং সাকিলকে তিন মাসের কারাদণ্ডসহ অর্থদণ্ড দেওয়া হয়। সোহেল ও রাছেলকে পাঁচ দিনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। পৃথক ঘটনায় পৌরসভা এলাকায় জনবিরক্তি সৃষ্টির অভিযোগে আরিফ হোসেন (২৬) কে ৩৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।