জ্বালানি সংকটের কারণে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী বুধবার ও বৃহস্পতিবার, ২২ ও ২৩ এপ্রিল, যৌথ সভা আয়োজন করছে। টেলিযোগাযোগ খাতের অংশীজনদের উদ্বেগ ও উৎকণ্ঠার পরিপ্রেক্ষিতে এই সভাগুলোর আয়োজন করা হয়েছে।
এর আগে ১২ মার্চ বিটিআরসি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পত্র পাঠিয়ে জ্বালানি ও বিদ্যুৎ বরাদ্দ অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করার অনুরোধ জানায়। পরদিন ১৩ মার্চ বিভাগটি বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করে। ২০ এপ্রিল বিটিআরসি আবারও পত্র পাঠিয়ে টাওয়ার সাইটে জ্বালানি পরিবহন ও রক্ষণাবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চায়।
২২ এপ্রিলের সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, মোবাইল অপারেটর, এনটিটিএন অপারেটর, টাওয়ার কোম্পানি ও এমটব অংশ নেবে। ২৩ এপ্রিলের সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পিজিসিবি, বিদ্যুৎ বিতরণ কোম্পানি ও টেলিকম অপারেটররা অংশ নেবে। সভাগুলোতে জ্বালানি সংকটজনিত সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।