ইসলামাবাদ হাইকোর্ট কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং তাদের আইনজীবীদের মধ্যে বৈঠকের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সাত দিনের মধ্যে এই বৈঠক নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় তাদের সাজার বিরুদ্ধে আপিল প্রক্রিয়া সহজ হয়। প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।
শুনানিতে ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার আদালতকে জানান, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে দেখা করার বারবার চেষ্টা করেও অনুমতি পাওয়া যাচ্ছে না। এতে আপিলের জন্য প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ ও ওকালতনামায় স্বাক্ষর করানো সম্ভব হচ্ছে না। আদালত আইনজীবীর বক্তব্য শোনার পর সাত দিনের মধ্যে সাক্ষাৎ নিশ্চিত করার নির্দেশ দেয়।
আল-কাদির ট্রাস্ট বা ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় বিচারিক আদালত ইমরান খানকে ১৪ বছর এবং বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেয়। তারা এই দণ্ডের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছেন।