ইরানের বিশাল তেলবাহী জাহাজ ‘দেরিয়া’ মার্কিন নৌবাহিনীর নজর এড়িয়ে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালিতে প্রবেশ করেছে। তেল পরিবহন পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকারট্র্যাকার্স ডটকম জানায়, জাহাজটি বর্তমানে ইন্দোনেশীয় পানিসীমা অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। সংস্থার তথ্যমতে, এপ্রিলের মাঝামাঝি সময়ে জাহাজটি ভারতে ১৮ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল খালাসের চেষ্টা করেছিল, তবে তা ব্যর্থ হয়।
ট্যাংকারট্র্যাকার্স জানায়, ভারতের ঘটনার পর দেরিয়া দক্ষিণ দিকে যাত্রা অব্যাহত রাখে, যখন ওই অঞ্চলে থাকা অন্যান্য ইরানি জাহাজকে মার্কিন নৌবাহিনী ইরানে ফিরে যেতে বাধ্য করছিল। সংস্থাটি আরও জানায়, এক দিন আগে ১৯ লাখ ব্যারেল তেলবাহী আরেকটি ইরানি সুপারট্যাংকার ‘হিউজ’ একইভাবে মার্কিন বাহিনীকে ফাঁকি দিয়ে লম্বক প্রণালিতে প্রবেশ করেছে এবং সেটিও রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল।
তথ্য অনুযায়ী, গত এপ্রিলে ইরান থেকে ২৫টি ট্যাংকার যাত্রা শুরু করে। এর মধ্যে সাতটি মার্কিন নৌবাহিনী ফেরত পাঠায়, দুটি জব্দ করে এবং বাকিগুলো গন্তব্যে পৌঁছায়।