ভারতের উত্তরপ্রদেশের বালরামপুরে ডিভাইন পাবলিক স্কুলের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা প্রায় ১১টায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর পরিবার দাবি করেছে, স্কুলের বাইরে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় উচ্চস্বরে ডিজে মিউজিক বাজানোর কারণে মেয়েটির হার্ট অ্যাটাক হয়। নিহত ছাত্রী সোনু তিওয়ারির মেয়ে।
ঘটনার পর প্রায় ৩ মিনিট ২ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। এতে দেখা যায়, বাইরে উচ্চ শব্দে ডিজে বাজানোর সময় শিক্ষার্থীরা অস্বস্তি প্রকাশ করছে এবং কয়েকজন জানালা ও দরজার দিকে এগিয়ে যাচ্ছে। ওই ছাত্রীকেও অসুস্থ হতে দেখা যায়। শিক্ষক ইকরা খান ও পাম্মি মিশ্র বলেন, শব্দ এত তীব্র ছিল যে শ্রেণিকক্ষের জানালার কাচ কাঁপছিল।
শিক্ষকেরা দ্রুত শিশুটিকে নিচে নামিয়ে কাছের হাসপাতালে নেন, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্কুল ব্যবস্থাপক আশিস উপাধ্যায়ও শোভাযাত্রার ডিজে অত্যন্ত উচ্চস্বরে বাজানোর কথা বলেছেন। তবে পুলিশ বলেছে, শুধু ডিজের শব্দেই মৃত্যু হয়েছে বলে এখনই সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তদন্ত ও চিকিৎসা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে শব্দের প্রভাব বা আগে থেকে থাকা কোনো শারীরিক সমস্যার বিষয়টি নির্ধারণ করা হবে।