বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক এক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাক মার্কিন বাজারে শূন্য শুল্কে রপ্তানি করা যাবে। চুক্তি অনুযায়ী উভয় দেশের পারস্পরিক শুল্কহার ১৯ শতাংশে নামানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত এসব পণ্যে পাল্টা শুল্ক আরোপ করা হবে না। এই চুক্তি বাংলাদেশের রপ্তানি কৌশলে মৌলিক পরিবর্তন আনবে বলে মনে করছেন রপ্তানিকারকরা, কারণ এতে কাঁচামাল সরাসরি যুক্তরাষ্ট্র থেকে এনে একই বাজারে শুল্কছাড়ে রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পোশাকশিল্প এতদিন ভারতীয় তুলার ওপর নির্ভরশীল ছিল, কিন্তু ভারতের রপ্তানি নীতি পরিবর্তন, নিষেধাজ্ঞা ও দামের অস্থিরতার কারণে সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যে দেখা যায়, ২০২১ সালে তুলা আমদানিতে ভারতের অংশ ছিল ৩১.৩৯ শতাংশ, যা ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে ১৫.৯ শতাংশে। অন্যদিকে ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া বাংলাদেশের তুলা বাজারে শক্ত অবস্থান তৈরি করছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বেড়ে ৩৪৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছর ছিল ২৭৮ মিলিয়ন ডলার। নতুন চুক্তির ফলে এই অংশ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।