জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক তিন দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ৫ আগস্ট ২০২৬ বুধবার বিকালে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধনী দিনে প্রদর্শনীটি রাত ৮টা পর্যন্ত চলে।
প্রদর্শনীর লক্ষ্য জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং আন্দোলনের ইতিহাস দলিলভিত্তিকভাবে সংরক্ষণ করা। এতে জুলাই গণঅভ্যুত্থানের অনেক বিরল ছবি স্থান পেয়েছে। প্রথম দিনে বিপুলসংখ্যক দর্শনার্থী প্রদর্শনী ঘুরে দেখেন। অনুষ্ঠানে অধ্যাপক দিলারা চৌধুরী, মিয়া গোলাম পরওয়ারসহ দলীয় নেতা, সংসদ সদস্য ও সুধিজনরা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দুই বছর আগে সংঘটিত ঘটনাপ্রবাহ ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে এবং শিশু থেকে তরুণদের এই ইতিহাস জানা উচিত। তাঁর মতে, এ ধরনের আয়োজন মানুষের কাছে আন্দোলনের আত্মত্যাগ গভীরভাবে উপলব্ধিতে সহায়তা করবে। তিনি নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণের প্রতিরোধের কথা বলেন এবং আহত ও শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।