তুরস্কভিত্তিক টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় এক হাজার দিনের যুদ্ধে অন্তত ২১ হাজার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি জানিয়েছে, আরও কয়েক লক্ষ শিশু বাস্তুচ্যুত ও শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। বাড়িঘর, স্কুল ও নিরাপত্তার অনুভূতি হারিয়েও শিশুরা এখনো শান্তির স্বপ্ন দেখে চলেছে।
সংস্থার মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপ অঞ্চলের পরিচালক আহমাদ আহেনদাউই বলেন, গত এক হাজার দিনে বিশ্ব গাজার ১০ লাখ শিশুকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কারণ কেউ শিশু হত্যা ও অঙ্গহানি বন্ধে হস্তক্ষেপ করেনি। সেভ দ্য চিলড্রেন জানায়, গাজার মোট শিশুর প্রায় ৮০ শতাংশ, অর্থাৎ ৮ লাখের বেশি শিশু বাস্তুচ্যুত এবং ৬ লাখ ২৫ হাজার স্কুলপড়ুয়া শিশু তিন বছর ধরে আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত।
সংস্থাটি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি এবং ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে। তারা উল্লেখ করেছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে, এবং এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।