পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রকৃত শিক্ষা ও নৈতিকতার দিকে নজর না দিলে শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা চিন্তাশক্তি বাড়ায় এবং সত্য, মিথ্যা ও পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে।
এ্যানি নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা বজায় রাখা, দায়িত্বশীল হওয়া এবং মানব ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান। তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার না দিলে এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত না হলে শিক্ষা সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে পারবে না। নৈতিকতা, সমাজে অবদান এবং সেভাবে নিজেকে গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।
এআইয়ের যুগে প্রযুক্তির ব্যবহার ব্যক্তির নিজস্ব দক্ষতা ও উদ্দেশ্যের ওপর নির্ভর করে বলে মন্তব্য করেন এ্যানি। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ তৈরি করেছে এবং এআইয়ের মাধ্যমে লক্ষ্যবিন্দুতে পৌঁছানোর চেষ্টা সহজ হতে পারে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন।