রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, ইরানের ওপর যেকোনো মার্কিন হামলার পরিণতি বিপজ্জনক হবে এবং এটি হবে ‘আগুন নিয়ে খেলা’। সৌদি আরবের সম্প্রচারমাধ্যম আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের ওপর জোর দেন। তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অচলাবস্থা নিরসনের লক্ষ্যে জেনেভায় দুই পক্ষের আলোচকদের পরোক্ষ বৈঠকের এক দিন পর তিনি এ বক্তব্য দেন।
ল্যাভরভ বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল, যা বড় ধরনের পরমাণু দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল। তিনি জানান, আরব ও উপসাগরীয় দেশগুলোর সরকার ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে উত্তেজনা বাড়াতে অনিচ্ছুক এবং সবাই বুঝতে পারছে এটি বিপজ্জনক পদক্ষেপ।
তার মতে, উত্তেজনা বাড়লে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতি, বিশেষ করে ইরান ও সৌদি আরবের মধ্যে পুনঃস্থাপিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।