কাতার জানিয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা কোনো পক্ষের দ্বারা হুমকির মুখে পড়তে পারে না এবং এটি পুনরায় চালু করতে কোনো শর্ত আরোপ করা উচিত নয়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক ব্রিফিংয়ে জানান, প্রণালিটি পুনরায় খুলে দিতে এবং এর বন্ধ থাকার নেতিবাচক প্রভাব কমাতে তারা অংশীদার দেশগুলোর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
আল-আনসারি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব এবং কোনো পক্ষই এর স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে না। তিনি আরও বলেন, এই সংকটের সমাধান আঞ্চলিকভাবে হওয়া উচিত, যেখানে উপকূলীয় দেশগুলো এবং যেসব দেশ এই প্রণালির ওপর নির্ভরশীল, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি জানান, পাকিস্তানে নতুন দফা আলোচনার সম্ভাবনা রয়েছে এবং কাতার এসব কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করছে। কাতার শুরু থেকেই স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে, যা যুদ্ধবিরতিকে শক্তিশালী করবে এবং সবার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।