নারায়ণগঞ্জ নগরীতে দীর্ঘদিনের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে আজ সোমবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে। প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিবি রোডের ফুটপাত হকার ও দখলদারদের কারণে প্রায় অচল হয়ে পড়েছে, ফলে পথচারী ও যানবাহন চলাচলে তীব্র প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ১৩ এপ্রিল ২০২৬ থেকে অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ এপ্রিল অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র্যাব-১১-এর অধিনায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিটি করপোরেশনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেবেন এমপি আবুল কালাম ও প্রশাসক সাখাওয়াত হোসেন খান। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, যাতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।