তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সমাজ ও রাষ্ট্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ইনফরমেশন ইন্টিগ্রিটি অ্যান্ড সোশ্যাল কোহেশন ইন বাংলাদেশ: পলিসি, প্ল্যাটফর্ম অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কালেক্টিভ অ্যাকশন’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংলাপটি আয়োজন করে ইউএনডিপি, জিআইজেড ও নরওয়ে সরকার।
মন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতিতে তথ্যপ্রবাহের সুযোগ বেড়েছে, তবে একই সঙ্গে নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি এর বিশ্বাসযোগ্যতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করাকে তিনি জরুরি বলে উল্লেখ করেন। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের প্রেক্ষাপটে ভুল তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলাকে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন তিনি।
চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্র, গণমাধ্যম, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী নিজস্ব সক্ষমতা গড়ার কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও জনগণের তথ্য পাওয়ার অধিকারকে একসঙ্গে বিবেচনা এবং গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নের আহ্বান জানান তিনি।