ইয়েমেনে হুথিদের অস্ত্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও আকাশ প্রতিরক্ষার রাডার গোপন রাখার সক্ষমতা সৌদি আরব ও তার মিত্রদের পাল্টা অভিযানে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অভিযানের মূল লক্ষ্য মোখা শহর এবং এর দক্ষিণে বাব আল-মান্দেব প্রণালির কাছের জেলাগুলো পুনর্দখল করা। লক্ষ্যবস্তু এলাকাগুলোতে শুরুতে সৌদি বিমান হামলা চালানো হচ্ছে।
হামলার আওতায় রয়েছে হুথিদের দীর্ঘদিনের নিয়ন্ত্রণে থাকা এলাকা এবং সম্প্রতি তাদের দখলে যাওয়া অঞ্চল। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন পুনর্দখল প্রচেষ্টার আশঙ্কা আগে থেকেই করেছিল হুথিরা এবং তারা পাল্টা অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছিল। কোনো এলাকা দখলের পর তারা সামরিক সরঞ্জাম সরিয়ে আড়ালে রাখতে পারে, ফলে তাদের সক্ষমতার ওপর হামলা কঠিন হয়।
হুথিদের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলও আগে একই সমস্যার মুখে পড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তারা হুথিদের সামরিক সক্ষমতা ধ্বংস এবং ইসরাইলগামী জাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতা বন্ধ করতে ব্যর্থ হয়। সৌদি আরব বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সফল হতে হলে দক্ষিণ ইয়েমেনে দীর্ঘস্থায়ী সামরিক উপস্থিতি রাখতে হবে, যার মধ্যে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ও বড় অস্ত্রভান্ডার থাকা হুথি-নিয়ন্ত্রিত এলাকাও থাকবে।