কক্সবাজারের টেকনাফের বিচ্ছিন্ন দ্বীপ ও দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ পর্যটনকেন্দ্র সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। রোববার পর্যটন গমনবিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। সেন্টমার্টিনে রাত্রিযাপনের ওপর থাকা নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।
গত কয়েক বছর অন্তর্বর্তী সরকারের সময়ে দৈনিক পর্যটকসংখ্যা দুই হাজারে সীমিত ছিল। ২০২৪ সালের অক্টোবরে দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে পর্যটক ভ্রমণ বিষয়ে ১২টি নির্দেশনা জারি করা হয়। সূত্রমতে, পরিবেশ ও পর্যটনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে ওই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল।
দ্বীপবাসী ও জনপ্রতিনিধিদের ভাষ্য, বিধিনিষেধে গত এক বছরে পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জীবিকার তাগিদে কেউ কেউ গাছ কাটা বা অবাধে মাছ ধরার মতো তৎপরতায় জড়িয়েছেন। বাসিন্দা ও ব্যবসায়ীরা বর্তমান সরকারের কাছে বিধিনিষেধ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবেশের জন্য যৌক্তিক বিবেচিত আগের কিছু বিধিনিষেধ বহাল থাকতে পারে। পর্যটকদের সুবিধায় বিভিন্ন প্রস্তুতিও নেওয়া হচ্ছে।