ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইসফাহান প্রদেশের প্রাচীন ঐতিহাসিক স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় প্রদেশটির শিল্প ও প্রতিরক্ষা অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সাংস্কৃতিক সম্মেলনের এক বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক দুটি যুদ্ধে ইসফাহানের আধুনিক সক্ষমতার পাশাপাশি ঐতিহ্যবাহী স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু করা হয়েছে।
আরাগচি জানান, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং ঐতিহাসিক ভবন পুনরুদ্ধারের কাজ স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে শুরু করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ও শত্রুদের বিরুদ্ধে ইরানের বিজয় নিশ্চিত হওয়ার পর শান্তির কূটনীতি নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি ইসফাহানকে শান্তির কূটনীতি, সাংস্কৃতিক যোগাযোগ ও পর্যটনের আঞ্চলিক এবং বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি নতুন সামরিক অভিযানের ক্ষেত্রে মার্কিন বাহিনীকে অঞ্চল ছাড়তে বাধ্য করার হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন, ইরানি নৌবাহিনী ও আইআরজিসির প্রতিরোধে প্রতিপক্ষ আটকে গেছে এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেনা যুদ্ধজাহাজে নিহত নাবিকদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেন তিনি।