ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “জাতীয় স্বাস্থ্য বাজেট ২০২৬–২৭” শীর্ষক গোলটেবিল বৈঠকে এই দাবি জানানো হয়। সংগঠনের নেতারা বলেন, বর্তমানে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির মাত্র ০.৭ শতাংশ, যা জনগণের চিকিৎসা চাহিদার তুলনায় অপ্রতুল এবং এতে সাধারণ মানুষকে চিকিৎসা ব্যয়ের বড় অংশ নিজস্ব অর্থে বহন করতে হচ্ছে।
মূল প্রবন্ধ উপস্থাপনকারী অর্থনীতিবিদ ডা. মিজানুর রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী স্বাস্থ্যখাতে জিডিপির কমপক্ষে ৫ শতাংশ ব্যয় প্রয়োজন। তিনি জানান, বাংলাদেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭০ শতাংশ জনগণ নিজের পকেট থেকে বহন করছে, যা নিম্ন ও মধ্যবিত্তের জন্য আর্থিক ঝুঁকি তৈরি করছে। অংশগ্রহণকারীরা বলেন, স্বাস্থ্য খাতকে ব্যয় নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখা উচিত।
এনডিএফ মাথাপিছু স্বাস্থ্য বরাদ্দ ১০০ ডলারে উন্নীত করা, জেলা পর্যায়ে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস, ক্যান্সার ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র সম্প্রসারণ এবং জাতীয় স্বাস্থ্যবীমা চালুর প্রস্তাব দেয়। এছাড়া চিকিৎসা শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, গ্রামীণ স্বাস্থ্যসেবায় প্রণোদনা, সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ বৃদ্ধি এবং ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা ও টেলিমেডিসিন সম্প্রসারণের সুপারিশ করা হয়।