বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হওয়া র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। র্যালিটি পল্টন, প্রেসক্লাব ও মৎসভবন মোড় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
তিনি অভিযোগ করেন, শাসকগোষ্ঠী স্বাধীনতার চেতনাকে দমন করছে এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের রায় উপেক্ষা করছে, যেখানে প্রায় ৬৯ শতাংশ মানুষ ‘জুলাই সনদ’-এর সংস্কারের পক্ষে ভোট দিয়েছিল। তিনি বলেন, সরকার গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাশ কাটিয়ে যাচ্ছে এবং গণভোট অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান তিনি।
সিবগাতুল্লাহ আরও বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘন, গুম, শিক্ষাব্যবস্থার দুরবস্থা ও ব্যবসায় চাঁদাবাজি বেড়েছে। তিনি সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। শান্তিপূর্ণভাবে শেষ হওয়া সমাবেশে শহীদদের আত্মার মাগফেরাত ও জাতির কল্যাণ কামনা করা হয়।