চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুত রাখার অভিযোগে শরিফুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাতে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল শামীম এ দণ্ডাদেশ দেন। গোপন সংবাদের ভিত্তিতে কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা অনুসন্ধান চালিয়ে অবৈধ মজুদের তথ্য নিশ্চিত করেন।
অভিযানে উপজেলার আসাননগর গ্রামের শরিফুল ইসলামের বাড়ি থেকে প্রায় ৬৪৫ লিটার বা তিন ব্যারেল ডিজেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জব্দকৃত তেলের মূল্য রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬-এর ১৬(৪) ধারা অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ ডিজেল মজুতের সত্যতা পাওয়া গেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।