জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও পুলিশের সহিংসতার প্রতিবাদে শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে ফের বিক্ষোভ হয়েছে। ইয়েলো ভেস্ট আন্দোলন ও বিভিন্ন যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে দেশজুড়ে ১ লাখ ৬ হাজার মানুষ অংশ নেন, যার মধ্যে প্যারিসে ছিলেন ২৪ হাজার। কয়েকটি শহরে সংঘর্ষের পর পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
আগের সপ্তাহে দেশজুড়ে ১ লাখ ৪৬ হাজার এবং প্যারিসে ৪৬ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন, ফলে এবার সরকারি হিসাবে অংশগ্রহণ কমেছে। তবে শিক্ষার্থী ইউনিয়নগুলোর দাবি, শনিবার ২ লাখ মানুষ অংশ নিয়েছেন এবং তাদের প্রায় ১ লাখ ছিলেন প্যারিসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে ২১৯ জন আটকের কথা জানিয়েছে; প্যারিসে ৪৫ জনকে আটক করা হয়।
নিষেধাজ্ঞা সত্ত্বেও মার্সেইয়ে প্রায় সাড়ে তিন হাজার এবং লিয়ঁতে প্রায় আট হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। নঁত, বোর্দো ও প্যারিসেও কাঁদানে গ্যাস ব্যবহারের খবর পাওয়া গেছে। ন্যূনতম মজুরি ০ দশমিক ৬ শতাংশ বাড়ানোর সরকারি প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে শ্রমিক ইউনিয়নগুলো মঙ্গলবার নতুন ধর্মঘট ডেকেছে। কর্মসূচিটি ইয়েলো ভেস্ট আন্দোলনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর সঙ্গে মিলবে।