Web Analytics
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শনিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করে ধ্বংস করেছে। ঘটনার পর রিয়াদসহ তিন অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রিয়াদ, নাজরান ও ওয়াদি আল-দাওয়াসিরের বাসিন্দাদের সতর্ক করে। জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এসব এলাকায় জরুরি বার্তা পাঠানো হয়। সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক থাকা এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র এক্সে দেওয়া পোস্টে বলেন, রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে।

পরে কর্তৃপক্ষ জানায়, তিন অঞ্চলে তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে। তবে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ ঘটনাস্থলে ভিড় না করা এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার নির্দেশও দিয়েছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথাও জানিয়েছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।