ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির স্পন্সর ডিরেক্টর ও চেয়ারম্যান রুমি এ হোসেনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ তারিখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়। রুমি এ হোসেনের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের আরও চারজন প্রতিনিধিকে বিমানের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন পর্ষদে রয়েছেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনির ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, এক্স ইনডেক্স কোম্পানিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ পদাধিকারবলে পর্ষদে রয়েছেন।
শেখ বশিরউদ্দিনের পদত্যাগের পর দীর্ঘদিন বিমানের চেয়ারম্যান পদটি শূন্য ছিল।