যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে ঘিরে ৩১ অক্টোবর রাতে বিভিন্ন স্থানে বন্দুক হামলায় অন্তত ২৪ জন নিহত ও ৯৪ জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে নৈশ ক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি এসব ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের তথ্যের বরাতে নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
সবচেয়ে প্রাণঘাতী ঘটনাগুলোর একটি টেক্সাসের ডালাসের ডিপ এলাম এলাকায় ঘটে। ১ নভেম্বর ভোরে প্রায় ৭৫ মিনিটের মধ্যে তিনটি পৃথক হামলায় অন্তত চারজন নিহত ও ১৫ জন আহত হন। হামলাগুলোর মধ্যে যোগসূত্র নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ; হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও করা হয়েছে। জ্যাকসনভিল, জ্যাকসন, উত্তর ক্যালিফোর্নিয়া, বার্মিংহাম ও ইলিনয়ের ব্লুমিংটনেও প্রাণহানি ঘটেছে।
শিশু ও তরুণরাও হামলার শিকার হয়েছে। ডেট্রয়েটে পাঁচ বছর বয়সি এক শিশু বুকে গুলিবিদ্ধ হলেও তার অবস্থা স্থিতিশীল। বিশ্ববিদ্যালয় এলাকার বা বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট আয়োজনে ২৪ জনের বেশি গুলিবিদ্ধ হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, রাতের জমায়েত, মদ্যপান, মাদক গ্রহণ ও আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা সহিংসতার ঝুঁকি বাড়ায়; তবে সব ধরনের ঘটনা ঠেকানো কঠিন।