ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কদমতলী এলাকায় শনিবার সকালে হজযাত্রীর লাগেজকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সকাল পৌনে ১০টার দিকে শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজে যান এবং ফেরার পথে তার একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। লাগেজটি ফেরত আনার দাবি জানালে হজ এজেন্সি জানায়, লাগেজের দায়িত্ব হজযাত্রীর নিজের। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে বৃহস্পতিবার বৃদ্ধার স্বজনেরা হজ এজেন্সির কার্যালয়ে ভাঙচুর চালান। এর জেরে শনিবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, লাগেজ নিয়ে উত্তেজনা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।