বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় ইউএনডিপি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্সের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সহায়তা, প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে আলোচনা হয়েছে। রড্রিক্স বলেন, বর্তমান সরকারের লক্ষ্য, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে ইউএনডিপি সহযোগিতা করতে চায় এবং সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দিতে আগ্রহী।
মন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনডিপির অব্যাহত সহায়তার প্রশংসা করে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের বিদ্যমান অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন চাওয়া হলেও সেখানে নতুন অবকাঠামো নির্মাণ করা হবে না। জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন পেয়েছে বলেও তিনি জানান।