দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কবে থেকে ক্লাস শুরু হবে, তা এখনো নির্দিষ্ট করা হয়নি। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষাজীবনের আরও ক্ষতি এড়াতে তারা দ্রুত একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করে ক্লাসে ফিরতে চান এবং এ জন্য শিক্ষকদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার শিক্ষকদের উদ্দেশে দেওয়া খোলা চিঠিতে শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। তবে ক্লাসে ফেরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি থেকে সরে আসা নয় বলে তারা উল্লেখ করেন। শিক্ষক সমিতির সাধারণ সভাতেও শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়েছে; বিভাগগুলো ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করবে।
শিক্ষার্থীরা নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। অচলাবস্থা নিরসন ও শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ইউজিসির উচ্চপর্যায়ের পরামর্শক কমিটি বুধবার চুয়েট পরিদর্শন করবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে চারটি পৃথক আলোচনা সভা করবে কমিটি।