বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন শফিকুল ইসলাম। বুধবার তাঁকে এ পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। শফিকুল ইসলাম ১৯৯৬ সালে পরিসংখ্যান বিভাগে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন পরিসংখ্যান ও তথ্যভিত্তিক দায়িত্ব পালন করেন।
তিনি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক ঋণ, আন্তর্জাতিক বিনিয়োগ অবস্থান, রপ্তানি আয়, আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং লেনদেনের ভারসাম্যসংক্রান্ত পরিসংখ্যান সংকলন ও ব্যবস্থাপনায় কাজ করেছেন। তিনি ওএফসি সার্ভে ইউনিট, বিগ ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স ইউনিট এবং এসডিডিএস ইউনিটের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
যুক্তরাষ্ট্রে তিনি লেনদেনের ভারসাম্য বিষয়ে ছয় সপ্তাহের বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছেন এবং তানজানিয়া, সিঙ্গাপুর ও ভারতে আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। বিশ্বব্যাংকের বিজনেস রেডি ২০২৬ কার্যক্রমে অবদানের জন্য সম্প্রতি তিনি সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন পান। সিআইবিতে দায়িত্বকালে ঋণতথ্য ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নেও তিনি সম্পৃক্ত ছিলেন।