Web Analytics
শক্তিশালী সুপার টাইফুন ‘নউল’ উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসায় চীনের দক্ষিণাঞ্চল থেকে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এএফপির বরাতে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকালের মধ্যে হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় ঝড়টি আঘাত হানতে পারে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র শনিবার চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা বহাল রাখে।

আবহাওয়া কেন্দ্র বলেছে, গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের কিছু এলাকায় প্রবল ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত হতে পারে। সিসিটিভির তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত গুয়াংডংয়ে ২০ হাজারের বেশি মানুষকে আশ্রয়ে নেওয়া হয়। সাগরে থাকা সব মাছ ধরার নৌযানকে নিরাপদ বন্দরে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেগুলো বন্দরে ফিরে এসেছে।

ঝড়ের কারণে ট্রেন পরিষেবাতেও বড় প্রভাব পড়েছে। শনিবার সকালে গুয়াংডংয়ের কয়েকটি ট্রেন চলাচল বন্ধ ছিল, আর রোববার প্রদেশটির সব ধরনের ট্রেন পরিষেবা স্থগিত থাকার কথা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গুয়াংডংয়ের চাওঝৌ শহরের স্কুলগুলোর শিক্ষা ও অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। চলতি মাসে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে চরম আবহাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।