জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিলের অপেক্ষায় থাকতেন তারা। ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।
নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে জবির শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন এবং শহীদ ও আত্মত্যাগকারীদের স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রায় সব গণতান্ত্রিক আন্দোলনে জবির শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রেখেছেন, যদিও প্রতিষ্ঠানটি সব ক্ষেত্রে যথাযথ স্বীকৃতি পায়নি। রাজধানীর কেন্দ্রে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন ও আধুনিকায়ন দেশের উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
সভায় শহীদ ইকরামুল হক সাজিদের মা, শিক্ষক, শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ গঠন, শিক্ষাঙ্গনে রাজনৈতিক নিপীড়ন ও সহিংসতা বন্ধ এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানান। জবি প্রক্টর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে ক্যাম্পাসে ফিরতে না দেওয়ার কথা বলেন।