স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দারিদ্র্য দূর করে দেশের মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুক্রবার রাজধানীর মাদানী এভিনিউয়ে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মন্ত্রী তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৬ বছরে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তরুণদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নতুন স্বপ্ন ও উদ্যম নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। জেসিআই বাংলাদেশকে তিনি তরুণদের নেতৃত্ব উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।