ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বরিশাল বিভাগীয় যুব পরিচালক ইয়াসির আরাফাত অভিযোগ করেছেন, বর্তমান সরকার যুবকদের দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করছে এবং তাদের টেন্ডারবাজি, লুটতরাজ, দখল ও নৈরাজ্যে ব্যবহার করছে। শনিবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামী ভোলা জেলা যুব বিভাগের আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসির আরাফাত বলেন, যুবকদের প্রশিক্ষণ ও প্রতিষ্ঠার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হলেও এর এক শতাংশও যুবকদের কাজে লাগে না। তাঁর দাবি, দেশের বহু যুবক বেকার অবস্থায় রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, শেখ মুজিব যুবকদের দিয়ে রক্ষী বাহিনী গঠন করেছিলেন এবং বর্তমান সরকার যুবকদের দিয়ে দলীয় ক্যাডার বাহিনী তৈরি করছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ভোলা জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক আমির হোসেন। এতে জামায়াতের ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদসহ বিভিন্ন নেতা বক্তব্য দেন। সম্মেলন শেষে শহরে যুব বিভাগের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।