শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের মানুষ বোঝাতে তিনি অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার করেছিলেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি শব্দটির সংশোধন এবং বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট করেন।
মন্ত্রী বলেন, গত ২৮ অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। ওই অর্জনকে স্বাগত জানিয়ে তিনি তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ উৎসাহিত করার বিষয়ে কথা বলেছিলেন।
বিবৃতিতে বলা হয়, সমাজে তৃতীয় লিঙ্গের অনেক মানুষ অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা পেরিয়ে তাঁদের শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই ছিল তার বক্তব্যের মূল উদ্দেশ্য। মন্ত্রী জানান, তার অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’; দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতিও তার শ্রদ্ধা রয়েছে।