আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত আবহাওয়া অনুকূলে থাকলে ঢাকার জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সার্বিক প্রস্তুতির দায়িত্বে থাকবে। গত ২৪ ফেব্রুয়ারি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ঈদের জামাতের ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। জাতীয় ঈদগাহের দক্ষিণ পাশে নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও আসনের ব্যবস্থা থাকবে। ধর্ম মন্ত্রণালয় একজন ইমাম, একজন ক্বারি ও একজন উপস্থাপক মনোনয়ন দেবে। মাঠ সমতলকরণ, ত্রিপল স্থাপন, ওযু ও পানির ব্যবস্থা, মোবাইল টয়লেট, মেডিকেল টিম এবং নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আলোকসজ্জা করা হবে এবং হাসপাতাল, কারাগার ও কল্যাণকেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনা মূল্যে পার্ক ও জাদুঘরে প্রবেশের সুযোগ থাকবে। বাংলাদেশ টেলিভিশন ও বেতার বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।