ঝিনাইদহ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে শহরের পায়রা চত্বরে পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে বিক্ষোভ শেষে তারা সাংবাদিকদের কাছে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ। এর আগে বিকেলে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটিতে ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে এবং যাদের রাখা হয়েছে তাদেরও যোগ্য পদ দেওয়া হয়নি। তারা নবঘোষিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
বিক্ষোভ শেষে তিন নেতা আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটি থেকে পদত্যাগ করেন।