নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, নদীতে নৌযানের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথের নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। রোববার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহীপুর থানা সংলগ্ন মৎস্য অবতরণ কেন্দ্র ঘাটে এক সভায় তিনি এ কথা বলেন। নৌযানের ডাটাবেইজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নৌযান শুমারি কার্যক্রম পরিদর্শন এবং এর সুফল জানাতে সভাটি আয়োজন করা হয়।
মহীপুরের মানুষ ও স্থানীয় জেলেদের বিভিন্ন দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জেলেদের নিরাপদে ঘাটে ফেরা নিশ্চিত করতে সাগর ও নদীর মোহনায় একটি লাইটহাউজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। জেলেদের অবকাশকালীন সরকারি বরাদ্দের প্রণোদনা সময়মতো পৌঁছাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে বলেও তিনি জানান। অবৈধ ট্রলিং জাহাজ বন্ধের বিষয়েও তিনি স্থানীয়দের আশ্বস্ত করেন।
২০ আগস্ট ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ স্লোগানে দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি ২০২৬ শুরু হয়েছে। প্রাথমিক লিস্টিং অপারেশনে ইতোমধ্যে ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি নৌযানের তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, এ শুমারি নৌযান খাতের নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য দেবে, যা নিবন্ধন, নিরাপত্তা, নৌপথ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে।